...|...|...

বিশ্ব

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪৪
Shares
সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

ছবি: সংগৃহীত

ইয়েমেনের মারিব প্রদেশের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। বুধবার (১৬ সেপ্টেম্বর) হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘আল-মাসিরাহ’-তে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে। তার দাবি, সৌদি সামরিক মোতায়েনকে সমর্থন করে ওই এলাকায় বিমানটি ‘শত্রুতাপূর্ণ কার্যক্রম’ চালাচ্ছিল।

তবে বিমানটি ভূপাতিত হওয়ার দাবি ছাড়া এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি হুথিরা। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিবৃতিতে হুথিরা আরও দাবি করেছে, মারিবের আকাশে এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান নিয়ে গঠিত সৌদি বাহিনীর দুটি বহরকে তারা বাধা দিয়েছে। তাদের দাবি, ভূপাতিত বিমানটির ধ্বংসাবশেষ অনুসন্ধানের সময় স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রের মুখে পড়ে ওই বহরগুলো পিছু হটতে বাধ্য হয়।

হুথিদের তথ্যমতে, গত এক সপ্তাহে সৌদি যুদ্ধবিমানগুলো ইয়েমেনজুড়ে ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় খামিস মুশাইত ও তাইফ বিমানঘাঁটি থেকে পরিচালিত এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

তাদের দাবি, তাইজ, লাহজ, আল-জাওফ, হাজ্জাহ, মারিব, সা’দা ও আল-বায়দাসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়েছে, যাতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।