...|...|...

খেলা

সৌদিতে হামলার প্রভাব, পিছিয়ে গেল এশিয়ান কাপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫১
Shares
সৌদিতে হামলার প্রভাব, পিছিয়ে গেল এশিয়ান কাপ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সাম্প্রতিক হামলা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৭ সালের এশিয়ান কাপ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী বছরের শুরুতে টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে তা বছরের শেষ দিকে আয়োজন করা হবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, ২৪ দলের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (৩ নভেম্বর) নতুন সূচির কথা জানায় এএফসি। এর আগে টুর্নামেন্টটি ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সৌদি আরবে সাম্প্রতিক হামলা ও আঞ্চলিক পরিস্থিতির কারণে নিরাপত্তা এবং যাতায়াত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত মাসে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদিতে সবচেয়ে প্রাণঘাতী এই হামলার দায় স্বীকার করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। সোমবার দাম্মাম বিমানবন্দরেও ড্রোন হামলার দাবি করে তারা।

পরিস্থিতি পর্যালোচনার পর টুর্নামেন্টের আয়োজক কমিটি জানায়, আঞ্চলিক অস্থিরতার পাশাপাশি যাতায়াত ও লজিস্টিক ব্যবস্থাপনায় জটিলতা বিবেচনায় নিয়েই সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে।

এএফসির বিবৃতিতে বলা হয়, অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক এবং সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূচি পিছিয়ে গেলেও আয়োজনের প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না বলে দাবি করেছেন সৌদি আরবের স্থানীয় আয়োজক কমিটির প্রধান ইয়াসের আল-মিশাল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে তিনি বলেন, “নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজনে সৌদি আরব পুরোপুরি প্রস্তুত ছিল। আগামী বছরের ডিসেম্বরের নতুন সূচিকে সামনে রেখেও আমরা একই গতিতে কাজ চালিয়ে যাব।”

সাম্প্রতিক বছরগুলোতে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মাধ্যমে খেলাধুলায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে সৌদি আরব। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে এশিয়ান কাপকে গুরুত্বপূর্ণ আসর হিসেবে দেখছে দেশটি। তিনবারের চ্যাম্পিয়ন সৌদি আরব এবারই প্রথম নিজেদের মাটিতে এশিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে।

নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে দেশটির অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনেও। গলফের এশিয়ান ট্যুরের ‘সৌদি ইন্টারন্যাশনাল’ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে আরবান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সাইক্লিং।

এ ছাড়া রিয়াদের ‘সিক্স কিংস স্ল্যাম’ প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট অক্টোবর থেকে পিছিয়ে ডিসেম্বরে নেওয়া হয়েছে। জেদ্দায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ফিফার ভিডিও গেম প্রতিযোগিতা ‘ফিফা-ই ফাইনালস ২০২৬’ও স্থগিত করা হয়েছে।

তবে এর মধ্যেও কিছু ক্রীড়া আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার রিয়াদে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাউটে ক্রিশ্চিয়ান এমবিলিকে হারিয়ে শিরোপা জিতেছেন সাউল ‘কানেলো’ আলভারেজ।