সৌদি আরবের রিয়াদ অঞ্চলে ধূলিঝড়, তীব্র বাতাস এবং দৃশ্যমানতা হ্রাসের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। একই সাথে বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে এই আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা প্রকাশ করা হয়।
আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রিয়াদ অঞ্চলের বেশ কয়েকটি গভর্নরেটে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধূলিঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় জনসাধারণকে আবহাওয়া সংক্রান্ত আপডেট এবং নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, সৌদি আরবের বেশিরভাগ জুড়ে বজ্রবৃষ্টি অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। দেশটির জিজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়া এনসিএম-এর আবহাওয়ার আপডেট অনুযায়ী, মদিনা, তাবুক, আল-জউফ, হাইল এবং উত্তর সীমান্ত (নর্দান বর্ডারস) অঞ্চলের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, জিজান, আসির, আল-বাহা, মক্কা এবং মদিনার কিছু অঞ্চলে বজ্রপাতের ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি আল-জউফ, হাইল, নর্দান বর্ডারস, উত্তর কাসিম এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু অংশে তীব্র বাতাসসহ হালকা থেকে মাঝারি বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যেই দেশটির বেশ কিছু উত্তরাঞ্চলে বৃষ্টির খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাকাকা, এর উপশহর এবং আল-জউফ অঞ্চলের কিছু প্রশাসনিক কেন্দ্রে হালকা বৃষ্টি হয়েছে। অন্যদিকে গত বুধবার রাতে আল-কুরায়াত গভর্নরেটে মাঝারি ধরনের বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এসপিএ-র তথ্য অনুযায়ী, নর্দান বর্ডারস অঞ্চলের তুরাইফ গভর্নরেটে সাম্প্রতিক বৃষ্টির ফলে উপত্যকা ও গিরিখাতগুলোতে পানির প্রবাহ সচল হয়েছে, যা গাছপালা পুনরুজ্জীবিত করার পাশাপাশি প্রাকৃতিক দৃশ্যকে আরও মনোরম করে তুলেছে।
এনসিএম-এর পূর্বাভাস অনুযায়ী, চলতি শরৎকাল স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিমুখর হতে পারে এবং অক্টোবর মাসকেই সৌদির বর্ষা মৌসুমের শীর্ষ সময় হিসেবে ধরা হচ্ছে। কেন্দ্রের সেপ্টেম্বর-নভেম্বর জলবায়ু পূর্বাভাসে শরৎকালে সৌদি আরবের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা ব্যক্ত করা হয়েছিল। বিশেষ করে অক্টোবর মাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা কিছু এলাকায় ঢল বা প্লাবনের রূপ নিতে পারে।
অক্টোবর মাসে জিজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, তাবুক, আল-জউফ, হাইল, কাসিম এবং উত্তর সীমান্ত অঞ্চলসহ রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং নাজরানের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এই আর্দ্র আবহাওয়া বা বৃষ্টির ধারা নভেম্বরেও জিজান, আসির, আল-বাহা, মক্কা, আল-জউফ, হাইল, কাসিম, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, পূর্বাভাসকৃত অঞ্চলগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে এবং এই বর্ষণ ভারী থেকে অতি ভারী হতে পারে। দীর্ঘমেয়াদি জলবায়ু মডেলে সব সময় স্থানীয় বা অস্বাভাবিক আবহাওয়া পুরোপুরি ধরা নাও পড়তে পারে উল্লেখ করে কেন্দ্রটি বাসিন্দা ও দর্শনার্থীদের সংক্ষিপ্ত মেয়াদের পূর্বাভাস এবং সরকারি সতর্কবার্তা নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে।


