সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় দুই প্রবাসী কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তিদের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক।
বুধবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, শায়বাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র লক্ষ্য করে ড্রোনটি এগিয়ে আসছিল। তবে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই সেটি ধ্বংস করে দেয়।
এদিকে হামলার চেষ্টার সময় তেলক্ষেত্রের সীমানার বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। তবে এ ঘটনার কারণে সৌদি আরামকোর মূল পরিচালন কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হামলায় আহত দুজনের মধ্যে একজন পাকিস্তানি ও অন্যজন ভারতীয় নাগরিক। তাদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সাথে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রণালয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
সূত্র: সৌদি গ্যাজেট


