...|...|...

জাতীয়

সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ৩:৫৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, রাত ৩:৫৭
Shares
সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ বিভিন্ন দলের নেতাদের সাথে ধারাবাহিক সংলাপে বসবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে। এনসিপির রাজনৈতিক পরিষদের একজন সদস্যও প্রধানমন্ত্রীর সাথে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংলাপের বিষয়ে এনসিপির রাজনৈতিক পরিষদের ওই সদস্য বলেন, ‘আমরা বলেছি-ঐক্যের যেকোনো ইতিবাচক আহ্বানের সমাথে আছি আমরা। একইসাথে সংস্কার এবং গণভোট বাস্তবায়নের বিষয়েও আমাদের অবস্থান দৃঢ়। আওয়ামী লীগ প্রসঙ্গে আমরা তাদের বলেছি যে আমরা ইতিবাচক।’

সোমবারের বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ইতিবাচক।’

এর আগে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে ওঠা ধারাবাহিক সহিংসতার অভিযোগের প্রেক্ষাপটে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলাসহ সহিংস কর্মকাণ্ড চালিয়েছে আওয়ামী লীগ। এসব ঘটনার মধ্যে থানায় অগ্নিসংযোগ এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান মোল্লা ও কে এম বাবরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও রয়েছে।

এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পৃথক এসব ঘটনা এবং বিভিন্ন নাশকতা ও হামলায় এখন পর্যন্ত বিএনপির তিন নেতা ও দুই বাস কন্ডাক্টরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।