...|...|...

জাতীয়

পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ৯:৫৮
Shares
পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় এসব পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, পুলিশের সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতের বরাদ্দ থেকে নির্বাহ করা হবে। পাশাপাশি জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্ত এবং প্রচলিত বিধিবিধান মেনে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

নতুন অনুমোদিত ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০-এর অন্তর্ভুক্ত। এসব পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা নির্ধারিত রয়েছে। ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩’ অনুযায়ী এই পদগুলো পূরণ করা হবে।

অন্যদিকে গ্রেড-১৭-তে সৃজন করা ১০ হাজার কনস্টেবল পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত রাখা হয়েছে। এ ক্ষেত্রে ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ৪ হাজার এসআই পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। এরপর অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর সম্মতি জানায়। একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমোদন নেওয়া হয়।

এদিকে কনস্টেবল নিয়োগের একটি প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির আওতায় ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন নেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, সারা দেশ থেকে এ পদে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন প্রার্থী আবেদন করেছেন।

চলমান প্রক্রিয়ায় আগে থেকে শূন্য থাকা ২ হাজার পদের সঙ্গে নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।

বাকি ৬ হাজার পদ পরের বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা হতে পারে। অন্যদিকে নতুন ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হলেও বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ও পরীক্ষার সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা, মামলা তদন্ত ও আসামি গ্রেপ্তারে কনস্টেবল ও এসআইরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সংশ্লিষ্টদের মতে, নতুন ১৪ হাজার পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের জনবল সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবা দেওয়ার সক্ষমতা বাড়বে।