...|...|...

তথ্যপ্রযুক্তি

সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনের দাম বাড়তে পারে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৪৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:২৫
Shares
সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনের দাম বাড়তে পারে

ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ মোবাইল চিপ নির্মাতা কোয়ালকম আগামী ১ সেপ্টেম্বর থেকে তাদের বিভিন্ন সেমিকন্ডাক্টর পণ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের চাপে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগামী প্রজন্মের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

নিকি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, টিএসএমসি গ্রাহক ও অর্ডারের ধরন অনুযায়ী চিপ উৎপাদনের মূল্য ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। সেই অতিরিক্ত ব্যয়ের প্রভাবই কোয়ালকম তাদের গ্রাহকদের ওপর আংশিকভাবে স্থানান্তর করছে বলে ধারণা করা হচ্ছে।

কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টিয়ানো অ্যামন বলেন, ‘সরবরাহ শৃঙ্খলে ব্যয় বৃদ্ধি এবং বর্তমান বাজার পরিস্থিতিতে মূল্য সমন্বয় করা অত্যাবশ্যক হয়ে পড়েছে।’ 

 তিনি  আরও জানান , সর্বশেষ প্রান্তিকে কোম্পানির মোট রাজস্ব ৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে পৌঁছালেও হ্যান্ডসেট চিপ খাতের আয় ২০ শতাংশ কমে ৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাই এখন ফ্ল্যাগশিপ ফোনের বদলে তুলনামূলক কম দামের স্মার্টফোন বেছে নিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাস, অনার, মটোরোলা ও আসুসসহ অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরের ওপর নির্ভরশীল। ফলে চিপের দাম বাড়লে তার প্রভাব শেষ পর্যন্ত নতুন স্মার্টফোনের খুচরা দামেও পড়বে। বিশেষ করে ২০২৬ সালের শেষ ভাগ ও ২০২৭ সালের শুরুতে বাজারে আসা প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।