...|...|...

তথ্যপ্রযুক্তি

স্টিভ জবসের ফিরতে লেগেছিল এক যুগ, হুয়াংয়ের মাত্র ১১ দিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৯
Shares
স্টিভ জবসের ফিরতে লেগেছিল এক যুগ, হুয়াংয়ের মাত্র ১১ দিন

ছবি: সংগৃহীত

নিজের হাতে গড়ে তোলা প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হয়েছিল স্টিভ জবসকে। সময়টা ১৯৮৫ সাল। তখনো অ্যাপল হয়ে ওঠেনি আজকের প্রযুক্তি সাম্রাজ্য। সেই প্রতিষ্ঠানের নেতৃত্বে ফিরতে জবসকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ এক যুগ। ফিরে এসে শুধু অ্যাপলের ভাগ্যই বদলে দেননি, পাল্টে দিয়েছিলেন প্রযুক্তি ব্যবহারের বৈশ্বিক সংস্কৃতিও।

প্রায় তিন দশক পর প্রযুক্তি দুনিয়া সাক্ষী হলো আরেক প্রতিষ্ঠাতার নাটকীয় প্রত্যাবর্তনের। তবে এবার অপেক্ষার সময়টা এক যুগ নয়, মাত্র ১১ দিন।

ব্যক্তিগত আচরণ নিয়ে বিতর্কের মুখে গত ১২ নভেম্বর বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়ার ঘোষণা আসে জেনসেন হুয়াংয়ের। এর মাত্র ১১ দিনের মাথায় গত ২৩ নভেম্বর তাকে স্বপদে ফিরিয়ে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

দুই প্রতিষ্ঠাতার বিদায়ের পটভূমি ভিন্ন, প্রত্যাবর্তনের প্রেক্ষাপটও আলাদা। তবে উভয় ঘটনাতেই সামনে এসেছে প্রযুক্তি সাম্রাজ্য গড়ে তোলার নেপথ্যে থাকা প্রতিষ্ঠাতাদের প্রভাব।

যে বিদায় বদলে দিয়েছিল অ্যাপলের ইতিহাস

১৯৭৬ সালে স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েনের সাথে অ্যাপল প্রতিষ্ঠা করেন স্টিভ জবস। ব্যক্তিগত কম্পিউটারের বাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে অল্প সময়ের মধ্যেই প্রযুক্তি দুনিয়ায় নিজেদের অবস্থান তৈরি করে প্রতিষ্ঠানটি।

তবে ব্যবসায়িক সাফল্যের মধ্যেই অ্যাপলের অভ্যন্তরে শুরু হয় নেতৃত্বের দ্বন্দ্ব। তৎকালীন প্রধান নির্বাহী জন স্কালির সাথে ব্যবসায়িক কৌশল ও প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে মতবিরোধ একপর্যায়ে ক্ষমতার লড়াইয়ে রূপ নেয়। শেষ পর্যন্ত ১৯৮৫ সালে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি ছেড়ে বেরিয়ে আসেন জবস।

অ্যাপলের বাইরে কাটানো সময়টাও নিষ্ফল যায়নি তার। প্রতিষ্ঠা করেন কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান নেক্সট (NeXT)। বিনিয়োগ করেন পিক্সারে, যা পরবর্তী সময়ে অ্যানিমেশন চলচ্চিত্রের জগতে বিপ্লব ঘটায়।

অন্যদিকে নব্বইয়ের দশকে ব্যবসায়িক ও আর্থিক সংকটে পড়ে অ্যাপল। বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান হারাতে থাকা প্রতিষ্ঠানটি নেক্সট অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। সেই অধিগ্রহণের মধ্য দিয়েই অ্যাপলে ফেরার পথ তৈরি হয় জবসের।

১৯৯৭ সালে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব নেন তিনি। ২০০০ সালে হন স্থায়ী প্রধান নির্বাহী।

এরপর তার নেতৃত্বে একে একে বাজারে আসে আইম্যাক, আইপড, আইফোন ও আইপ্যাড। আর্থিক সংকটে ধুঁকতে থাকা অ্যাপল পরিণত হয় বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানে।

১১ দিনের ব্যবধানে বদলে গেল এনভিডিয়ার সিদ্ধান্ত

স্টিভ জবসের প্রত্যাবর্তনের গল্প যেখানে এক যুগের, সেখানে জেনসেন হুয়াংয়ের ক্ষেত্রে পুরো ঘটনাপ্রবাহের জন্য সময় লেগেছে দুই সপ্তাহেরও কম।

১৯৯৩ সালে দুই সহপ্রতিষ্ঠাতাকে সাথে নিয়ে এনভিডিয়ার যাত্রা শুরু করেন হুয়াং। ভিডিও গেমের গ্রাফিকস প্রযুক্তি নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিই তার নেতৃত্বে পরবর্তী সময়ে হয়ে ওঠে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক অবকাঠামোর অন্যতম প্রধান সরবরাহকারী।

তবে সম্প্রতি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের মধ্যে পদত্যাগ করেন হুয়াং। তার স্থলাভিষিক্ত হন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস, যাকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়।

এমনকি ১৭ নভেম্বরও এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছিল, হুয়াংকে নেতৃত্বে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা তাদের নেই। অথচ ছয় দিনের মাথায় নিজেদের সেই অবস্থান থেকে সরে আসে পর্ষদ।

এনভিডিয়া জানিয়েছে, হুয়াংয়ের সাথে দফায় দফায় আলোচনা এবং মার্কিন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মতামত নেওয়ার পর সর্বসম্মতিক্রমে তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।

তবে হুয়াংকে ঘিরে চলমান স্বাধীন তদন্ত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রত্যাবর্তনের প্রভাব শেয়ারবাজারেও

হুয়াংয়ের ফিরে আসার খবরে বড় ধরনের উত্থান দেখা যায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৩১ শতাংশ বেড়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারেও।

তবে এই উত্থানের পরও পদত্যাগের আগের অবস্থানে ফিরতে পারেনি এনভিডিয়ার শেয়ারদর।

দুই প্রতিষ্ঠাতা, দুই ভিন্ন বাস্তবতা

স্টিভ জবস যখন অ্যাপলের নেতৃত্বে ফিরেছিলেন, তখন প্রতিষ্ঠানটি অস্তিত্ব রক্ষার সংকটে। অন্যদিকে হুয়াং ফিরলেন এমন এক প্রতিষ্ঠানে, যা বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।

জবসের সামনে চ্যালেঞ্জ ছিল অ্যাপলের হারানো বাজার ও ব্যবসায়িক সক্ষমতা পুনরুদ্ধার করা। আর হুয়াংয়ের সামনে রয়েছে এনভিডিয়ার বাজার নেতৃত্ব ধরে রাখার পাশাপাশি করপোরেট সুশাসন, জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তি রপ্তানিসংক্রান্ত জটিলতা মোকাবিলার চ্যালেঞ্জ।

স্টিভ জবসের প্রত্যাবর্তন ইতোমধ্যে করপোরেট ইতিহাসের অন্যতম সফল অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত। জেনসেন হুয়াংয়ের দ্বিতীয় অধ্যায়টি সবে শুরু হলো।

তথ্যসূত্র: এনভিডিয়া নিউজরুম, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস।