...|...|...

বিশ্ব

সেউতায় অভিবাসী ঢলের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার মরক্কোর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫৩
Shares
সেউতায় অভিবাসী ঢলের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার মরক্কোর

ছবি: সংগৃহীত

সেউতায় অভিবাসী ঢলের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার মরক্কোর

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় অভিবাসীদের ব্যাপক অনুপ্রবেশের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে মরক্কো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় রাবাতের (মরক্কো সরকারের) সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই।

আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, “মরক্কোর কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততার পক্ষে যখন কোনো প্রমাণ, তথ্য বা প্রতিবেদন নেই, তখন কেন মরক্কোর বিরুদ্ধে অভিযোগ অব্যাহত রাখা হচ্ছে?”

গত ৩০ ও ৩১ জুলাই মরক্কো থেকে ৭০ হাজারের বেশি অভিবাসী সেউতায় প্রবেশ করে। নজিরবিহীন এই জনস্রোতের ঘটনায় বহু মানুষ প্রাণ হারায়। একই সঙ্গে অভিবাসন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও মতবিরোধ ও উত্তেজনা তৈরি হয়।

স্থানীয় কর্মকর্তা ও নাগরিক সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বেশির ভাগ অভিবাসী পরে ফিরে গেলেও এই ঘটনায় ১০০ জনের বেশি মানুষ মারা গেছে। তবে হাজার হাজার অভিবাসী—যাদের মধ্যে অভিভাবকহীন শিশুও রয়েছে—এখনও সেউতায় অবস্থান করছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক অভিবাসী অস্থায়ী ক্যাম্প, রাস্তাঘাট ও সমুদ্রসৈকতে অবস্থান করছে। তাদের উপস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং সংকট মোকাবিলায় স্প্যানিশ সরকারের ভূমিকার সমালোচনা করে তারা নিয়মিত বিক্ষোভ করছেন।

এ ঘটনায় স্পেনের বিরোধী দলগুলো মরক্কোর সঙ্গে সরকারের সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করেছে। তারা রাবাতের বিরুদ্ধে অভিবাসীদের অনুপ্রবেশে সহায়তা বা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে।

তবে মরক্কো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তারা আনুষ্ঠানিকভাবে অভিবাসীদের ফিরিয়ে নিতে সম্মতি জানিয়েছে। পাশাপাশি অভিভাবকহীন শিশুদের দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, দেশটি নিজেকে “নির্বাচন-পূর্ব রাজনৈতিক ঘুঁটি” হিসেবে ব্যবহৃত হতে দেবে না এবং “রাজনৈতিক স্বার্থসিদ্ধির লড়াইয়ে বলির পাঁঠা” হতেও রাজি নয়। উল্লেখ্য, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে স্পেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয় রাবাত ও মাদ্রিদের মধ্যে বিদ্যমান নিরাপত্তা, অভিবাসন ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়টিও তুলে ধরেছে। ২০২২ সালে পশ্চিম সাহারা ইস্যুতে মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনার প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সমর্থন জানানোর পর দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

এদিকে বুধবার স্পেন কিছু গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে সেউতায় সম্ভাব্য বড় ধরনের অভিবাসী অনুপ্রবেশের বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল। ৩০ জুলাইয়ের একটি সামরিক গোয়েন্দা নথিতে বলা হয়, মরক্কো কর্তৃপক্ষ অভিবাসীদের এই স্রোতকে সরাসরি উৎসাহিত করেছে—এমন সম্ভাবনা কম; তবে তারা পরিস্থিতি মোকাবিলায় অবহেলাপূর্ণ ও নিষ্ক্রিয় আচরণ করেছে।

মরক্কো অবশ্য সেউতা ও মেলিলা—মরক্কোর সীমান্তবর্তী স্পেনের নিয়ন্ত্রণাধীন দুই ছিটমহলের ওপর স্পেনের সার্বভৌমত্ব স্বীকার করে না।