...|...|...

সারাদেশ

সীমান্তের বাতি নিভিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ২:১৩
Shares
সীমান্তের বাতি নিভিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি

ছবি: টাইমস টুডে

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা সীমান্ত দিয়ে প্রায় ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার গভীর রাতে ঘন কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্ত এলাকার বাতি নিভিয়ে এ চেষ্টা করা হয়। তবে ৫২ বিজিবির (বিয়ানীবাজার ব্যাটালিয়ন) সতর্ক অবস্থান ও তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে জুড়ী ও বড়লেখা সীমান্তের দুর্গম পাহাড়ি বনাঞ্চলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ কাজে লাগাতে সীমান্ত এলাকার আলো নিভিয়ে দেওয়া হয়। এরপর প্রায় ২০ জনকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

জুড়ী ও বড়লেখার পাহাড়ি বনাঞ্চলঘেরা সীমান্ত এলাকায় নজরদারি তুলনামূলক কঠিন। অতীতেও এসব এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। এ কারণে আগে থেকেই ওই অঞ্চলে বাড়তি সতর্কতা ও নজরদারি বজায় রেখেছিল বিজিবি। ফলে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়।

এদিকে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের অভিযোগ, মাঝেমধ্যেই রাতের অন্ধকারে এ ধরনের পুশইনের চেষ্টা চালানো হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে সীমান্তে টহল বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা জোরদার থাকায় বিএসএফের এ চেষ্টা সফল হয়নি। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।