...|...|...

সারাদেশ

প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় আসামি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ১:২৯
Shares
প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় আসামি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রস্রাব করার কথা বলে বাইরে যাওয়ার সুযোগ নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান মাদক মামলার এক আসামি। পালানোর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ধানক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির নাম ইয়াসিন। তিনি স্থানীয় মোহাম্মদ ইউনুছের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাট এলাকার আমির আলী সওদাগর বাড়িতে নিজ বসতঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করেন জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে হ্যান্ডকাফ পরিয়ে ফাঁড়িতে নেওয়া হয়।

ফাঁড়িতে অবস্থানকালে প্রস্রাব করার কথা বলে বাইরে যাওয়ার সুযোগ নেন ইয়াসিন। এসময় পুলিশের নজর এড়িয়ে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পালিয়ে যান তিনি। পরে তাকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ফাঁড়ির সদস্যরা হ্যান্ডকাফসহ তাকে গ্রেফতার করেন।

এদিকে, গ্রেফতারের পর ইয়াসিনকে একটি দোকানে নিয়ে যাওয়া হলে তার হাতে থাকা হ্যান্ডকাফটি গামছা দিয়ে ঢেকে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।