...|...|...

সারাদেশ

সিলেটে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, রাত ১২:৫২ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬, রাত ১২:৫৩
Shares
সিলেটে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে একই স্থানে ও একই সময়ে বিএনপির দুটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্বনাথ পৌরসভার কলেজ রোড সংলগ্ন ডাকবাংলো ও এর আশপাশের এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বুধবার (৭ অক্টোবর) রাতে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাসেম স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপির বিবদমান দুটি পক্ষ বৃহস্পতিবার একই সময়ে বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো এলাকায় পৃথকভাবে গণপদযাত্রা, আলোচনা সভা ও সমাবেশের কর্মসূচি আহ্বান করে। এতে করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই ভেন্যুতে মুখোমুখি অবস্থানের কারণে রক্তক্ষয়ী সংঘাত এবং সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

বিজ্ঞপ্তিতে ইউএনও উল্লেখ করেন, জননিরাপত্তা রক্ষা, সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাকবাংলো ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

একই সাথে ওই নির্দিষ্ট সীমানার মধ্যে কোনো প্রকার লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র কিংবা বিস্ফোরকদ্রব্য বহন করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। প্রশাসনের এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনানুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে। এই আদেশ বলবৎ থাকা অবস্থায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই ডাকবাংলো এলাকাসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।’