ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহতের ঘটনায় জড়িত বেঙ্গল স্লিপার কোচ (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) ও ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) দুই বাসের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
একই সাথে আগামী পাঁচ দিনের মধ্যে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের উপস্থিতি নিশ্চিত করে ঘটনার লিখিত ব্যাখ্যা দিতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঢাকা মেট্রো-২ ও ঢাকা মেট্রো-৩ শাখায় বিষয়টি অবহিত করা হয়, পরে ওই দুই শাখা থেকেই বাস দুটির লাইসেন্স স্থগিত করা হয়।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নয়জন নিহত হন। একইসাথে গুরুতর আহত হন অন্তত ২৪ জন যাত্রী।


