সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম।
পুলিশ সূত্রে জানা গেছে, অটোভ্যান চালক নুরু মিয়া (৪৫) তার অটোভ্যানে যাত্রী আব্দুল মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং মেয়ে তামান্না খাতুনকে (১৬) নিয়ে কড্ডা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে অটোভ্যানটির এক্সেল ভেঙে যায়। এতে চালক ও যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়ে যান।
এ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী ‘ঢাকা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই অটোভ্যান চালক নুরু মিয়া, আব্দুল মোতালেব সরকার ও ফজিলা খাতুন নিহত হন। গুরুতর আহত অবস্থায় তামান্না খাতুনকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইমাম এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পুলিশ মৃতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পারিবারিক আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


