...|...|...

বিশ্ব

হিমালয়ে তুষারধসে ২ লাশ উদ্ধার, নিখোঁজ অনেকে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৯
Shares
হিমালয়ে তুষারধসে ২ লাশ উদ্ধার, নিখোঁজ অনেকে

ছবি: সংগৃহীত

নেপালের হিমালয় অঞ্চলে ক্যাম্প করে থাকা একটি পর্বতারোহী দলের ওপর তুষারধসের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। রবিবার সকালে মানাং জেলার হিমলুং হিমাল শৃঙ্গের বেস ক্যাম্পে বিশাল তুষারস্তূপ ধসে পড়ার পর থেকে প্রায় এক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিদেশি পর্বতারোহীরা পৌঁছানোর আগেই ক্যাম্প প্রস্তুত, পথ তৈরি এবং পাহাড়ে দড়ি বাঁধার কাজ করতে নেপালি পর্বতারোহী ও সহায়তা কর্মীদের ওই দল সেখানে অবস্থান করছিল।

তিব্বত-নেপাল সীমান্তে অবস্থিত হিমলুং হিমাল শৃঙ্গটির উচ্চতা ৭ হাজার ১২৬ মিটার বা ২৩ হাজার ৩৮০ ফুট। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে শৃঙ্গটির আশপাশে ভারী তুষারপাত হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ শুরুতে ব্যাহত হয়। হেলিকপ্টার ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে অভিজ্ঞ পর্বতারোহীদের নিয়ে গঠিত একটি উদ্ধারকারী দলকে হেলিকপ্টারে করে কাঠমান্ডু থেকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

‘হিমালয় হলিডেজ ট্রেকিং’-এর বিভূতি চাঁদ ঠাকুর বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁর অভিযানের দলের অন্তত আটজন সদস্য নিখোঁজ রয়েছেন। তবে মোট কতজন পর্বতারোহী নিখোঁজ, তা এখনো স্পষ্ট নয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুরু তুষারস্তর ও প্রতিকূল আবহাওয়ার কারণে সোমবারও উদ্ধারকাজ অব্যাহত থাকার কথা রয়েছে।

নেপালের পার্বত্য জেলাগুলোতে সাম্প্রতিক দিনগুলোতে টানা বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এতে দেশটির গুরুত্বপূর্ণ পর্বতারোহণ পর্যটন শিল্পেও ঝুঁকি তৈরি হয়েছে। তুষারধসের আশঙ্কায় চলতি সপ্তাহের শুরুতে বিশ্বের অষ্টম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মানাসলু থেকেও পর্বতারোহীদের সরে আসতে হয়েছিল।

এর আগে পাকিস্তানের ব্রড পিকে ছয় পর্বতারোহীর মৃত্যুর দুই মাসেরও কম সময়ের মধ্যে নেপালি পর্বতারোহীদের মৃত্যুর এই ঘটনা ঘটল। ওই ঘটনায় ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পুরজাও প্রাণ হারান।

এদিকে নেপাল-তিব্বত সীমান্তেও লাশ উদ্ধারের চেষ্টা চলছে। আগস্টে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর সেখানে ৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। হিমবাহ ধসে বিপুল পরিমাণ পানি ও ধ্বংসস্তূপ ত্রিশূলী নদীর উপত্যকা দিয়ে নেমে এসে জনবসতি ভাসিয়ে নেয়। এতে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

গত এক সপ্তাহে এশিয়ার অন্যান্য অঞ্চলও চরম আবহাওয়ার কবলে পড়েছে। ভারতের প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশে প্রতিকূল আবহাওয়ায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।