...|...|...

বিশ্ব

হরমুজে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৪
Shares
হরমুজে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর ওপর ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে—তেহরানের এমন দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার দাবি করেছিলেন, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম এই দাবিকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করে।

সেন্টকমের দাবি, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে নেই। মার্কিন বাহিনীর সহায়তায় গত দুই মাসে এই জলপথ দিয়ে ১০০ কোটিরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা হয়েছে। একই সময়ে ২ হাজারের বেশি বাণিজ্যিক জাহাজের চলাচলে সহায়তা করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

সেন্টকম আরও জানিয়েছে, প্রণালীর প্রধান নৌপথগুলো থেকে মাইন অপসারণ করা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহে হরমুজ দিয়ে তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য পণ্য পরিবহনের পরিমাণও আগের ছয় মাসের যেকোনো সময়ের তুলনায় বেশি ছিল বলে দাবি করেছে মার্কিন কমান্ড।

তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরবিরোধী দাবি করে আসছে। সাম্প্রতিক সময়ে ইরান জলপথটিতে নিজেদের নিয়ন্ত্রণের দাবি করলেও যুক্তরাষ্ট্র বলছে, বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।