ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, দেশটির সামরিক বাহিনী ‘শত্রু বাহিনীকে’ ইরানের দক্ষিণাঞ্চলীয় জলসীমা থেকে আরব সাগরের দিকে ঠেলে দিয়েছে। শিগগিরই আরব সাগর থেকেও তাদের উপস্থিতি সরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরান-ইরাক যুদ্ধ এবং ২০২৪ সালে ইসরায়েলের হাতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি এসব কথা বলেন।
খামেনি বলেন, ইরানের সামরিক বাহিনী ও হরমুজ প্রণালির প্রহরীদের কাছ থেকে কঠোর আঘাত পাওয়ার পর ‘শত্রুরা’ আর আরব সাগরের সীমানা পেরিয়ে আসার সাহস করছে না।
তিনি আরও বলেন, তারা যখনই এমন ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছে, তখন নিজেদেরই ক্ষতি হয়েছে। আর খুব শিগগিরই এমন সময় আসবে, যখন আরব সাগর থেকেও তাদের উপস্থিতি মুছে দেওয়া হবে।


