...|...|...

বিশ্ব

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮, শিশুসহ আহত ২২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৪১
Shares
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮, শিশুসহ আহত ২২

ছবি: সংগৃহীত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে রাশিয়ার একটি সামরিক হামলায় শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। এছাড়া দেশব্যাপী বিভিন্ন হামলায় আটজন নিহত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের মেয়র ইহোর তেরেকভ তার টেলিগ্রাম অ্যাকাউন্টে জানান, রাশিয়ার একটি নির্দেশিত বিমান বা গ্লাইড বোমা একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানে, যার ফলে বহুতল ভবনটির দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে বলে তিনি জানান। খবর আল জাজিরার।

এর আগে, রবিবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলা চালানো হয়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহাইভস্কি জানান, উত্তরাঞ্চলীয় সুমি শহরে একটি শিশু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিমান হামলায় ১৬ বছরের এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছেন।

এদিকে, কৃষ্ণ সাগর অঞ্চলের দক্ষিণ অংশে এক ‘ব্যাপক হামলায়’ একজন নিহত এবং আবাসিক ভবন, একটি দোকান, একটি হোটেল, একটি চিকিৎসা কেন্দ্র ও একটি শস্য গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ওদেসা অঞ্চলের কর্তৃপক্ষ।

রাজধানী কিয়েভেও হামলা হয়েছে। মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, হামলায় একজন নারী ও ১৬ বছর বয়সী দুজন কিশোর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শহরের প্রশাসন জানিয়েছে, শত্রু বাহিনী কিয়েভ অঞ্চলে ড্রোন হামলা অব্যাহত রেখেছে। সেখানে ১২টি ঘর, একটি গুদাম ও একটি উৎপাদন কেন্দ্রসহ মোট ১৬টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দক্ষিণাঞ্চলীয় জাপোরিজ্জিয়া অঞ্চলে হামলায় তিনজন এবং কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিজের এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ২,২০০-এর বেশি আক্রমণাত্মক ড্রোন, ১,৬৩০টি বিমান বোমা এবং বিভিন্ন ধরনের ৩৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

পরবর্তীতে মন্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়া যদি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের কাছে যেমনটি দাবি করে থাকে—সত্যিই উত্তেজনা হ্রাসের জন্য কোনো বাস্তব পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিত, তবে শাহেদ ত্রাসের এই ঢেউ দেখা যেত না।

উল্লেখ্য, মস্কো ইউক্রেনের বিরুদ্ধে ইরানের তৈরি এই শাহেদ ড্রোনগুলো ব্যবহার করে আসছে।