চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে ছয়জন উপ-পুলিশ কমিশনারের (ডিসি) দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। তাদের বিভিন্ন বিভাগ ও জোনে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়। আদেশে রদবদলের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলকে উত্তর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক পশ্চিম জোনের ডিসি নিষ্কৃতি চাকমাকে ট্রাফিক বন্দর জোনে এবং পশ্চিম জোনের ডিসি মো. আলমগীর হোসেনকে বন্দর জোনে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ আবু বকর সিদ্দিককে পশ্চিম জোনে এবং উত্তর জোনের ডিসি মো. হাসান মোস্তফা স্বপনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে পদায়ন করা হয়েছে। আর বন্দর জোনের ডিসি আমিরুল ইসলামকে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে পাঠানো হয়েছে।


