সার ডিলারদের তালিকা যাচাই-বাছাই শেষে দ্রুত লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে সব পরিবার ও কৃষকের কাছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। এসব কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গ্রামীণ ছোট সড়ক নির্মাণে ইটের পরিবর্তে সিসি ও ইউনি ব্লক ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিতে হবে। হাটবাজার ও বন্দর এলাকার সড়কে ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সড়কের পাশে পুকুর খননের ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
তিনি জানান, ইজিবাইক নিবন্ধনের জন্য আইন ও বিধিমালা প্রণয়নের কাজ চলছে। এ ছাড়া বর্জ্য থেকে জৈবসার ও বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাই এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ জন্য প্রশাসন, পূজা উদ্যাপন কমিটি ও সামাজিক নিরাপত্তা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনেও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সাথে মাদক নিয়ন্ত্রণ ও দুর্নীতি হ্রাসে সক্রিয় ভূমিকা রাখার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি প্রতি বছর ইউএনওদের সম্মেলন আয়োজনের প্রস্তাবও দেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বিদ্যুৎ বিভাগের সচিব মিজ মিরানা মাহরুখসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় বিভিন্ন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্রশাসকেরা অংশ নেন।


