...|...|...

জাতীয়

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে দুদকে তলব

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, বিকেল ৪:৪৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:০৪
Shares
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে দুদকে তলব

সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে আগামী ১৪ সেপ্টেম্বর তাকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সাথে নিয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এ তথ্য জানা গেছে। রবিবার দুদকের জনসংযোগ দফতরও বিষয়টি নিশ্চিত করেছে।

নোটিশে বলা হয়েছে, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য গ্রহণ করা প্রয়োজন বলে জানিয়েছে কমিশন।

এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন দাখিলের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপ-পরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

দুদকের নোটিশে নির্ধারিত সময়ে প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য সাবেক সেনাপ্রধানকে অনুরোধ জানানো হয়েছে।