...|...|...

ক্যাম্পাস

সাবেক রাষ্ট্রপতিকে নিরাপদে সরাতে চায় বিএনপি: আখতার হোসেন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, বিকেল ৫:৩৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪৬
Shares
সাবেক রাষ্ট্রপতিকে নিরাপদে সরাতে চায় বিএনপি: আখতার হোসেন

আখতার হোসেন। ছবি: টাইমস টুডে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আর সাংবিধানিক দায়মুক্তির আওতায় নেই। তাই তার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব। একই সাথে তিনি দাবি করেন, বিএনপি তার (মো. সাহাবুদ্দিন) জন্য একটি ‘সেইফ এক্সিট’ নিশ্চিত করতে চায়।

রবিবার (২৬ জুলাই) দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদকে সামনে এনে অনেকেই দাবি করছেন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। তবে তার ভাষ্য অনুযায়ী, ওই অনুচ্ছেদের সুরক্ষা কেবল দায়িত্ব পালনরত রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য। দায়িত্ব শেষ হওয়ার পর তিনি সাধারণ নাগরিক হিসেবে আইনের আওতায় আসবেন।

তিনি উদাহরণ টেনে বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পদত্যাগের মাত্র ছয় দিনের মাথায় কারাগারে গিয়েছিলেন। ফলে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জুলাই সনদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা অভিযোগ করেন, গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি বিএনপি যথাযথ সম্মান দেখাচ্ছে না। তার দাবি, গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা থাকলেও তারা তা করেননি।

তিনি বলেন, যদি গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন না করা হয়, তাহলে জনগণই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং এনসিপি জনগণকে সাথে নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে।

অনুষ্ঠানে এনসিপির মহিলা এমপি ডা. মাহমুদা মিতু, দলের নেতা সরোয়ার তুষার, ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।