দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গত দুই বছর ধরে একমাত্র তিনিই এই তালিকায় আছেন।
গত বুধবার (৭ অক্টোবর) চলতি বছরের তালিকাটি প্রকাশ করে টপ সায়েন্টিস্ট নেট নামক ওয়েবসাইটটি। প্রতিবছর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথভাবে এ তালিকা প্রকাশ করা হয়।
মোহাম্মদ শফি উল্যাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তার গবেষণার প্রধান ক্ষেত্র গাণিতিক পদার্থবিদ্যা, সলিটন তত্ত্ব এবং ডিফারেনশিয়াল সমীকরণের বিশ্লেষণাত্মক ও সাংখ্যিক পদ্ধতি।
জানা যায়, ২০২৬ সালের এই শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকা বিভিন্ন ক্ষেত্রের সাইটেশন সংখ্যা, এইচ-ইনডেক্স ও কো-অথরশিপ-অ্যাডজাস্টেড এইচ-ইনডেক্সের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এ তালিকায় সারা বিশ্বে মোহাম্মদ শফি উল্লাহর অবস্থান ১৩৯, ৯৪১তম এবং ক্ষেত্র ভিত্তিক গবেষণায় গাণিতিক পদার্থবিদ্যায় ২৫১০তম।
গুগল স্কলারের তথ্যমতে, বর্তমানে তার গবেষণার সাইটেশনসংখ্যা ১৮২৯। এখন পর্যন্ত তার পাবলিকেশন সংখ্যা ৮১টি৷ গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তিনবার ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন। বর্তমানে তিনি দুইটি স্কোপাস-ইনডেক্সড জার্নালের একাডেমিক এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে মোহাম্মদ শফি উল্যাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ, টানা দ্বিতীয়বার বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই স্বীকৃতি আমাকে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে আরও নিষ্ঠার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমার সুপারভাইজার, সহকর্মী, সহলেখক, শিক্ষার্থী, সহযোগী ও পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের সহযোগিতা ও উৎসাহ আমার এই পথচলাকে সমৃদ্ধ করেছে।’


