...|...|...

সারাদেশ

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা মেরে অগ্নিসংযোগ, যা বললেন ডাকসু ভিপি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩৪ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১১:০০
Shares
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা মেরে অগ্নিসংযোগ, যা বললেন ডাকসু ভিপি

ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে।

রবিবার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন তিনি।

আজ ভোর সাড়ে পাঁচটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম। তিনি জানান, হামলার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে তারা রক্ষা পেয়েছেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।’

এই হামলার প্রতিক্রিয়ায় ডাকসু ভিপি আরও উল্লেখ করেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসরেরা ভেবেছে, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে।’

দেশের মাটিতে ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না জানিয়ে তিনি আরও লেখেন, ‘আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই নিশ্চিত করা হবে, এটাই প্রথম ও শেষ কথা।’