...|...|...

ক্যাম্পাস

আজকের ভিপি সাদিক কায়েমের বেড়ে উঠার গল্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪৯
Shares
আজকের ভিপি সাদিক কায়েমের বেড়ে উঠার গল্প

সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ছোটবেলায় বাবার কাপড়ের দোকানে ক্রেতা সামলানোর অভিজ্ঞতা এবং খাগড়াছড়ির পাহাড়ে নানা সম্প্রদায়ের মানুষের সাথে বেড়ে ওঠাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বের মূল ভিত তৈরি করে দিয়েছে। সম্প্রতি ‘ইনোভা টকস’ পডকাস্টে নিজের শৈশব, শিক্ষাজীবন ও গড়ে ওঠার গল্পে এ কথা জানান তিনি।

চট্টগ্রামের সাতকানিয়ায় জন্ম নেওয়া সাদিক কায়েমের শৈশব কাটে খাগড়াছড়িতে। সেখানে বায়তুশ শরফ মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দেওয়ার পাশাপাশি নিয়মিত বাবার কাপড়ের দোকানে বসতেন।

তার মতে, ব্যবসায়িক অভিজ্ঞতা ও পাহাড়ে চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইনসহ বিভিন্ন সম্প্রদায়ের সাথে মিশে সমাজকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। দোকানে আসা নানাবিধ ক্রেতার মনস্তত্ত্ব বোঝার সেই অনুশীলন পরবর্তীতে সামগ্রিক নেতৃত্ব তৈরিতে বড় ভূমিকা রেখেছে।

তার শিক্ষাজীবনও ছিল বৈচিত্র্যময়। মায়ের ইচ্ছায় মাদরাসায় পড়াশোনা শুরু করলেও চতুর্থ শ্রেণিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুলে কিছুদিন পড়েন। পরবর্তীতে আবার মাদরাসায় ফিরে আসেন এবং অষ্টম শ্রেণিতে জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পান।

তখন তার বাবা তাকে বিজ্ঞান বিভাগে পড়িয়ে চিকিৎসক বা প্রকৌশলী বানাতে চেয়েছিলেন। তবে সব বাধা পেরিয়ে চট্টগ্রাম বায়তুশ শরফ মাদরাসা থেকে আলিম সম্পন্ন করেন তিনি।

পরবর্তীতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সাদিক কায়েম। পাশাপাশি ঢাকা আলিয়া মাদরাসায় ফাজিলেও ভর্তি হলেও যেকোনো এক জায়গায় পুরোপুরি মনোযোগ দিতে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাকেই বেছে নেন।

বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে ৩.৯৪ সিজিপিএ নিয়ে বিভাগে প্রথম স্থান অর্জনসহ প্রতিটি সেমিস্টারেই ধারাবাহিক ভালো ফল বজায় রেখেছিলেন তিনি। শৈশবের এসব পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার সমন্বয়েই আজকের এই অবস্থান বলে জানান এই ছাত্রনেতা।