...|...|...

সারাদেশ

সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩১ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২১
Shares
সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

সাজেক। ফাইল ছবি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিতে রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।

শনিবার (১০ অক্টোবর) দেওয়া এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।

বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক সমাবেশ থেকে জেএসএসের সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় রোববার সকাল থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠন দুটির নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। একই সাথে সাজেক পর্যটন সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মী, পর্যটক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

যৌথ বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশির নামে সাধারণ মানুষের বাড়িঘরে হয়রানি করেছেন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের হুমকি দিয়েছেন। এসব ঘটনার প্রতিবাদ এবং নিজেদের দাবি আদায়ের অংশ হিসেবে অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠন দুটি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, অবরোধের আওতামুক্ত থাকবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন। জরুরি সেবা এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত যানবাহন চলাচলে বাধা দেওয়া হবে না।

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে এই অবরোধের কারণে পর্যটকদের যাতায়াত, পরিবহন চলাচল ও স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সাজেক ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের যাত্রার আগে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।