...|...|...

সারাদেশ

ইনানীর গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে, এবার শুরু হবে ১ হাজার ফুট খনন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৪
Shares
ইনানীর গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে, এবার শুরু হবে ১ হাজার ফুট খনন

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানীতে গ্যাস উদগীরণের ঘটনায় সৃষ্ট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ক্রেনের সাহায্যে ৩০ ইঞ্চি ক্যাসিং স্থাপনের পরপরই কূপের আগুন নিভে যায়। বর্তমানে ক্যাসিংয়ের সঙ্গে যুক্ত ডাইভার্ট লাইন দিয়ে গ্যাস বের হচ্ছে। ফলে কূপটি এখন বাপেক্সের নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কূপের সারফেসের বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুনও বন্ধ করা হয়। এখন কূপটির পরিস্থিতি স্থিতিশীল রেখে পরবর্তী খনন কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে বাপেক্স।

সংস্থাটি জানিয়েছে, কূপের গভীরতা বিবেচনায় ড্রিল পাইপ প্রবেশ করিয়ে প্রাথমিকভাবে ১ হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় ব্যবহার করা হবে মাড। নির্ধারিত গভীরতা পর্যন্ত সফলভাবে খনন সম্পন্ন হলে কূপের ফরমেশন প্রেশারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় মাড প্রয়োগের মাধ্যমে ভূগর্ভ থেকে গ্যাস বের হওয়ার পথ বন্ধ করা হবে।

এরপর কূপ এলাকায় জিওলজিক্যাল ও সিসমিক জরিপ চালিয়ে প্রাপ্ত তথ্য মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নের ভিত্তিতেই গ্যাসের পরবর্তী অনুসন্ধান কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাপেক্সের ভাষ্য, আগামী সপ্তাহে জিওলজিক্যাল জরিপ শুরু হওয়ার কথা রয়েছে। এ জরিপ শেষ করতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে। জরিপের ফলাফল হাতে পাওয়ার পরই গ্যাসের মজুত ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। প্রাথমিকভাবে গ্যাসটি থার্মোজেনিক ধরনের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হতে জরিপের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বাপেক্সের কনসালট্যান্ট হাওলাদার অহিদুল ইসলাম জানান, এ ধরনের নমুনায় সাধারণত গ্যাসের মজুত থাকার সম্ভাবনা দেখা যায়। তবে বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব কি না, তা নির্ভর করবে মজুতের পরিমাণের ওপর। উত্তোলন ব্যয়ের তুলনায় গ্যাসের মজুত বেশি হলে বাণিজ্যিকভাবে উত্তোলনের উদ্যোগ নিতে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলার সময় ভূগর্ভ থেকে গ্যাস উদগীরণ শুরু হয়। পরে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আগুনের সূত্রপাত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।