...|...|...

সারাদেশ

চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা

শেরপুরে প্রথম হয়ে পুলিশের চাকরি, সেই হাসান আজ ব্লাড ক্যানসারে আক্রান্ত

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৯
Shares
শেরপুরে প্রথম হয়ে পুলিশের চাকরি, সেই হাসান আজ ব্লাড ক্যানসারে আক্রান্ত

ব্লাড ক্যানসারে আক্রান্ত পুলিশ সদস্য খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান হাসান। ছবি: সংগৃহীত

শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে চাকরি পেয়েছিলেন খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান হাসান। মেধা ও পরিশ্রমে পরিবারের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়া সেই তরুণ পুলিশ সদস্য আজ ব্লাড ক্যানসারের সাথে জীবন-মৃত্যুর লড়াই করছেন। 

উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসা সম্পন্ন করতে প্রয়োজন প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা। বিপুল এ অর্থ জোগাড়ে হিমশিম খাচ্ছে পরিবার। তাই মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন হাসান।

খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান হাসানের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তর মাটিয়াকুড়া গ্রামে। তার বাবা খ. আ. ন. ম. ছোহরাব আলী এবং মা রোকসানা পারভীন। ২০২১ সালে মাটিয়াকুড়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এসএসসি এবং ২০২৩ সালে শ্রীবরদী সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে ৪.৮৩ জিপিএ নিয়ে এইচএসসি পাস করেন তিনি। পরে শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগে ভর্তি হন।

পড়াশোনার পাশাপাশি ২০২৪ সালে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় শেরপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে চাকরি পান হাসান। পারিবারিক আর্থিক সংকট কাটিয়ে পরিবারের দায়িত্ব নেওয়ার স্বপ্ন নিয়েই তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

চাকরিতে যোগদানের পর নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ছয় মাসের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন তিনি। পরে তার কর্মস্থল হয় ময়মনসিংহের ভালুকা এলাকার আইপি-৫। সবকিছু যখন স্বাভাবিকভাবে এগিয়ে চলছিল, তখনই ২০২৬ সালের এপ্রিল মাসে তার শরীরে টি-অল (T-ALL) ধরনের ব্লাড ক্যানসার ধরা পড়ে।

এরপর প্রথমে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসা নেন তিনি। দীর্ঘ চিকিৎসার পরও কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

হাসান জানান, কেমোথেরাপি চলাকালে এক মাসের বিরতি তৈরি হওয়ায় তার ক্যানসার পুনরায় ফিরে আসে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় 'রিল্যাপ্স' নামে পরিচিত। পরবর্তীতে নতুন করে কেমোথেরাপি দেওয়া হলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত কেমোথেরাপির মাধ্যমে ক্যানসার কোষ সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে পরবর্তীতে বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। পুরো চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। ফলে অর্থ সংকটে অনিশ্চয়তার মুখে পড়েছে তার চিকিৎসা।

বন্ধুর অসুস্থতার খবরে ব্যথিত হয়েছেন তার সহপাঠী ও সহকর্মীরাও। তাদের একজন বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে আমরা একই সময়ে পুলিশের চাকরি পাই। হাসান শেরপুর জেলার প্রথম হয়েছিল। সেদিন আমরা তার সাফল্যে গর্বিত ছিলাম। আজ সেই বন্ধুই মৃত্যুর সাথে লড়ছে। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করছি এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় হাসান তার বন্ধু, সহপাঠী, ব্যাচমেট ও শুভাকাঙ্ক্ষীদের কাছে চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তার আবেদনটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। অসুস্থতার কারণে অনেকের ফোনকল ও বার্তার উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করে সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:

বিকাশ: ০১৯৯৩২৫৫৩০৪
নগদ: ০১৬৪৮৯৪১৯৮৯

ডাচ্-বাংলা ব্যাংক
হিসাব নম্বর: ১০৭১৫৮০৫৫৯৫৩৮
শাখা: কারওয়ান বাজার
হিসাবধারী: মো. সুরুজ্জামান (বড় ভাই)

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ
হিসাব নম্বর: ০০৩০২২৩৫৮৪২০১
শাখা: মাওনা
হিসাবধারী: শাহারিয়া ইসলাম (বন্ধু)

সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, সহকর্মী ও মানবিক সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতাই পারে তরুণ এই পুলিশ সদস্যকে নতুন জীবন ফিরিয়ে দিতে।