জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি ভালোবাসা থেকে রেখেছেন লম্বা দাড়ি। এমনকি নিজের পরিচয়ও দেন ক্বারী মো. সাঈদী নামে। তবে শুধু এ কারণেই নয়, ঘড়ি কিংবা মুঠোফোন না দেখে সময় বলে দেওয়ার ব্যতিক্রমী দক্ষতার কারণে স্থানীয়দের কাছে বেশ পরিচিত তিনি। আকাশের দিকে তাকিয়েই বলে দেন কয়টা বাজে। তার বলা সময়ের সাথে ঘড়ির সময় মিলে গেলে অবাক হন অনেকেই।
ব্যতিক্রমী এই ব্যক্তির প্রকৃত নাম মো. মহির মিয়া (৬৫)। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কুটিপাড়া গ্রামে। পেশায় তিনি একজন মুয়াজ্জিন।
মহির মিয়া জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ও মৃত্যুর খবরে তিনি এতটাই মর্মাহত হয়েছিলেন যে টানা সাত দিন ভাত খাননি। সাঈদীর প্রতি ভালোবাসা থেকেই তার মতো দাড়ি-গোঁফ রেখেছেন। এরপর থেকে স্থানীয়দের কাছে ক্বারী মো. সাঈদী নামে পরিচিত হয়ে ওঠেন তিনি।
তবে মহির মিয়াকে ঘিরে স্থানীয়দের সবচেয়ে বেশি কৌতূহল ঘড়ি ছাড়া সময় বলে দেওয়ার দক্ষতা নিয়ে। পথে-ঘাটে তাকে দেখলেই ছোট-বড় অনেকেই জানতে চান, এখন কয়টা বাজে? তিনিও আকাশের দিকে তাকিয়ে জানিয়ে দেন সময়।
সম্প্রতি আমগঞ্জ বাজার থেকে কুটিপাড়া যাওয়ার পথে দেখা যায়, দুই হাত ছেড়ে দ্রুতগতিতে সাইকেল চালিয়ে বাজারের দিকে যাচ্ছেন মহির মিয়া। এ সময় স্কুলফেরত কয়েকজন শিক্ষার্থী তার কাছে সময় জানতে চায়। আকাশের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘একটা পঞ্চান্ন বাজে।’ ঘড়ির সাথে সময় মিলিয়ে শিক্ষার্থীরা আনন্দে হাততালি দিয়ে ওঠে।
মহির মিয়ার আরেকটি ব্যতিক্রমী অভ্যাস হলো সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেওয়া। ৬৫ বছর বয়সেও জীবিকার তাগিদে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে নোয়াখালী যান বলে জানান তিনি।
মহির মিয়া বলেন, ‘আমার নাম লিখবেন ক্বারী মো. সাঈদী। আমি একজন মুয়াজ্জিন। আমার কোনো ঘড়ির প্রয়োজন হয় না। আল্লাহর রহমতে ঘড়ি ছাড়াই সময় বলে দিতে পারি। আমি গাড়িতে চড়ি না। এখনো বাইসাইকেল চালিয়ে নোয়াখালী যাই।’
স্থানীয় শিল্পী রাজু মিয়া জানান, দীর্ঘদিন ধরেই মহির মিয়াকে ঘড়ি বা মুঠোফোন ছাড়া সময় বলে দিতে দেখছেন তিনি। কৌতূহল থেকে অনেকেই তার কাছে সময় জানতে চান। এতে কখনো বিরক্ত হন না মহির মিয়া।
সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মো. রঞ্জু ভান্ডারী জানান, মহির মিয়ার বলা সময়ের সাথে ঘড়ির সময় মিলে যায় বলে স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে বেশ কৌতূহল রয়েছে। এ ছাড়া কোনো মোটরযানে না চড়ে সাইকেলেই কুমিল্লা ও নোয়াখালী যাতায়াত করেন তিনি।


