...|...|...

সারাদেশ

সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৫
Shares
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সাজেক ভ্রমণের উদ্দেশ্যে ছয় পর্যটক বাঘাইহাট জোন সদর এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনীর স্কটের সাথে সাজেকের উদ্দেশ্যে রওনা হন। তারা বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও অসন্তোষের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাজেক থানা পুলিশ ছয় পর্যটককে আটক করে। বর্তমানে তারা সাজেক থানার হেফাজতে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ফারদিন এহসান হৃদয় (২৪), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন (৩২), পটুয়াখালীর মো. সাইফুল ইসলাম (২৭), হবিগঞ্জের হারুন ইসলাম তুষার (২৬) এবং একই জেলার রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩)।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ বলেন, তারা জনমনে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে স্লোগান দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘিরে বাঘাইহাট বাজার এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে পর্যটকদের আটকের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা সৃষ্টি হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।