চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ দল। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
উদ্ধার করা ৫৩৪ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইট OV-401 চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে কাস্টমস হল থেকে স্ক্যানিং শেষে বের হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তার ব্যাগেজে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০৬ গ্রাম স্বর্ণালংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। সংশ্লিষ্টদের দাবি, স্বর্ণগুলো বিশেষ কৌশলে লুকিয়ে রাখায় কাস্টমস স্ক্যানারে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।
আটক যাত্রীর পরিচয় মোহাম্মদ হাসান মুরাদ। তার পাসপোর্ট নম্বর A18042245। তিনি চট্টগ্রামের রাউজানের নাসিরনগর এলাকার বাসিন্দা।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা ৫৩৪ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।
উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসাথে স্বর্ণ পরিবহনের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান রোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সমন্বিত নজরদারি অব্যাহত থাকবে।


