...|...|...

সারাদেশ

সহকর্মীকে ধর্ষণচেষ্টা, এনসিপি নেতা গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৩
Shares
সহকর্মীকে ধর্ষণচেষ্টা, এনসিপি নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে (২৭) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।

‎পুলিশ জানায়, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। ওই সংস্থায় তার সাথে কাজ করেন ২৭ বছর বয়সী এক তরুণী। তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন। সেই মামলাতেই পলাশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

‎এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু জানান, তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যারা দায়িত্বশীল আছেন, তাদের জানানো হয়েছে। তারা সঠিক বিষয়টি আমাকে জানাবেন। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।