জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ হামলার পেছনে আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। তার দাবি, কয়েক দিন ধরে অপরিচিত ও স্ক্যাম নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও হুমকি অব্যাহত ছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে দৌলতপুরের বাগোয়ানে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম। আগের রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যান তিনি। সংবাদ সম্মেলনে তার বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।
নুসরাত জানান, বেশ কয়েক দিন ধরে অপরিচিত ও স্ক্যাম নম্বর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে পাওয়া একটি হুমকির কলের বিষয় উল্লেখ করে ঢাকার কলাবাগান থানায় জিডি করেন তিনি। তবে জিডি করার পরও হুমকি বন্ধ হয়নি।
হামলার রাতের ঘটনা তুলে ধরে নুসরাত তাবাসসুম বলেন, ‘ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি সতর্কতামূলক ও হুমকিস্বরূপ পোস্ট দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে বাড়িতে পরপর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে মনে হয়েছে, এটি পেট্রোল বোমা হামলা।’
এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত নন বলে দাবি করে তিনি বলেন, ‘আমি মনে করি, এটি সুপরিকল্পিত ঘটনা এবং আওয়ামী লীগেরই কাজ। হামলার পর তাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাসও করছে।’
এ ধরনের হামলা চালিয়ে তাকে কিংবা জুলাই আন্দোলনের সাথে যুক্ত কাউকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন নুসরাত। তিনি বলেন, গত ১৭ বছরে দেশের মানুষ এ ধরনের অসংখ্য ঘটনা দেখেছে। তারই পরিণতিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ঘটেছে।
সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তার অভিযোগ, হামলার ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো আলামত সংগ্রহ করেনি। তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে জানিয়েছেন, আলামত সংগ্রহের জন্য ঢাকা থেকে ফরেনসিক দল আসছে।
সংবাদ সম্মেলন শেষে এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা করার কথা জানান নুসরাত তাবাসসুম। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।



