ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (৭ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৮ মে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য ও সমর্থকেরা পল্টন, গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকায় নাশকতার উদ্দেশ্যে সমবেত হলে অভিযান চালায় পুলিশ। ওই ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় অধ্যাপক জামাল উদ্দিনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সমর্থনে অর্থায়ন, পরামর্শ ও ষড়যন্ত্রের পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করে পুলিশ।
পুলিশের তদন্তে আরও বলা হয়, অধ্যাপক জামাল উদ্দিন নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে সক্রিয় সমর্থন জোগানোর পাশাপাশি সরকারবিরোধী মিছিলে নেতৃত্ব দিয়েছেন।
এর আগে অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে গত ১১ মার্চ থেকে কারাগারে রয়েছেন অধ্যাপক জামাল উদ্দিন। পল্টন থানার ওই মামলায় পুলিশ গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন জানালে আদালত আজ এই আদেশ দেন


