বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই এ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। এরই মধ্যে প্রকল্পটির কারিগরি পরিকল্পনা, সম্ভাব্য উৎপাদনক্ষমতা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৈঠকে সংসদ ভবন ও সংসদ সচিবালয়ের বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ সৌরশক্তি থেকে পূরণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের প্রস্তাবিত পরিকল্পনার একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা তুলে ধরে।
উপস্থাপনায় সংসদ সচিবালয়ের বিদ্যুতের সামগ্রিক চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যক্রম এবং সৌর প্যানেল স্থাপনের উপযোগী ফাঁকা ও অব্যবহৃত জায়গাগুলোর সম্ভাবনা পর্যালোচনা করা হয়।
আলোচনায় উঠে আসে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা কার্যকর করতে হলে প্রথমেই সংসদ ভবনের বিদ্যুৎ ব্যবহারের ধরন ও চাহিদা নিরূপণ করতে হবে। একই সঙ্গে স্থাপনার কারিগরি সক্ষমতা, সম্ভাব্য উৎপাদনক্ষমতা এবং দীর্ঘমেয়াদি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন।
প্রকল্পটির কারিগরি মান নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি প্রকল্পের কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত প্রস্তাবগুলো যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম।
বৈঠকে প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক সময়সীমাও নির্ধারণ করা হয়। আগামী ২৪ নভেম্বরের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কারিগরি স্পেসিফিকেশন জাতীয় সংসদ সচিবের কাছে জমা দিতে ডিপিডিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এসব নথি পাওয়ার পর পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশনা দেওয়া হয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
তবে সৌরবিদ্যুৎ প্রকল্পের মোট ব্যয়, সম্ভাব্য উৎপাদনক্ষমতা এবং সংসদ ভবনের মোট বিদ্যুৎ চাহিদার কত শতাংশ এ ব্যবস্থা থেকে পূরণ করা যাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য জানানো হয়নি। কারিগরি সমীক্ষা ও দরপত্র প্রক্রিয়া শেষ হলে এসব বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।


