দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতা চালিয়ে রাজধানী ঢাকায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারে শিগগিরই চিরুনি অভিযান শুরু করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতিমধ্যে তাদের সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ঘটিয়ে ঢাকায় পালিয়ে আসা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিয়াজ মেহেদী বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যারা ঢাকায় আশ্রয় নিয়ে পালিয়ে আছেন, তাদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।
নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, কেউ যেন নাশকতার উদ্দেশ্যে বের হতে না পারেন এবং বের হলেই যেন শনাক্ত করে আইনের আওতায় আনা যায়, সে জন্যই চেকপোস্ট বাড়ানো হয়েছে। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীসহ সারা দেশে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এসব ঘটনায় ৬৪টি মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। অভিযানে ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) নিরাপত্তার বিষয়ে এডিসি নিয়াজ মেহেদী জানান, আগাম পরিকল্পনা অনুযায়ী এসব স্থানে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ও সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।
এদিকে বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে নাশকতাসহ বিভিন্ন মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

