জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদকক্ষে অপ্রয়োজনীয় কথা বলা এবং মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সংরক্ষিত নারী আসনের সদস্য নিপুণ রায় চৌধুরীকেও কথা বলা নিয়ে সতর্ক করেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণসংক্রান্ত আলোচনার সময় এ ঘটনা ঘটে।
এদিন মনোযোগ আকর্ষণের জন্য মোট ৬১টি নোটিশ জমা পড়লেও স্পিকার তিনটি নোটিশ আলোচনার জন্য গ্রহণ করেন। সংসদের নিয়ম অনুযায়ী, যেসব সদস্যের নোটিশ গ্রহণ করা হয়নি, তাদের প্রত্যেককে দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ পর্ব প্রায় আধা ঘণ্টা ধরে চলে।
একপর্যায়ে সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তারের নির্ধারিত দুই মিনিটের সময় শেষ হয়ে যায়। তখন সংসদকক্ষে অন্য সদস্যদের সাথে কথা বলতে থাকা নিপুণ রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার।
স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, শওকত আরার বক্তব্যের সময় শেষ হলেও নিপুণ রায়ের আলোচনা তখনো শেষ হয়নি। সংসদকক্ষের পরিবর্তে পাশের লবিতে গিয়ে কথা শেষ করার পরামর্শ দেন তিনি।
পরে সব সংসদ সদস্যের উদ্দেশে স্পিকার বলেন, সংসদকক্ষে যেন কেউ মোবাইল ফোন ব্যবহার না করেন। প্রয়োজনে সংসদ সদস্যরা পাশের লবিতে গিয়ে ফোনে কথা বলে আবার অধিবেশনে ফিরতে পারেন বলেও জানান তিনি।
এর আগেও সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে সদস্যদের সতর্ক করা হয়েছিল। গত ১৫ এপ্রিল চিফ হুইপ নূরুল ইসলাম সংসদ সদস্যদের অধিবেশন চলার সময় মোবাইলে কথা বলা এবং ছবি তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।


