...|...|...

জাতীয়

সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ৮:১৮ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬, রাত ১১:০২
Shares
সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হয়ে চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে এই অধিবেশনের বৈঠক বসবে।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অংশ নেন।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

এবারের সংক্ষিপ্ত এই অধিবেশনে একটি সরকারি বিল এবং আগের অধিবেশনের পর জারি করা ৩টি অধ্যাদেশ (পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ) প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে।

এছাড়া অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন এবং বিভিন্ন বিষয়ে বেশ কিছু নোটিশ জমা পড়েছে।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত সবাই তার এই প্রস্তাব স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

বৈঠকে সংসদের সাউন্ড সিস্টেমের উন্নয়ন কাজের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী। জবাবে জানানো হয়, সোমবার বিকেল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হবে। এছাড়া সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ স্থাপন করা হলে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। প্রধানমন্ত্রী এ সময় বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।

বৈঠকে ই-পার্লামেন্ট কার্যক্রম ও জনবল নিয়োগের অগ্রগতিও তুলে ধরা হয়। এতে আরও অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামান, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।