...|...|...

খুলনা

সংকট দেখিয়ে পাচারের চেষ্টা, ৪০ বস্তা সার জব্দ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৯
Shares
সংকট দেখিয়ে পাচারের চেষ্টা, ৪০ বস্তা সার জব্দ

পাচারকালে ৪০ বস্তা সারসহ নসিমন আটক করল স্থানীয়রা। ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় সংকট দেখিয়ে কালোবাজারে পাচারের অভিযোগে ৪০ বস্তা সারসহ একটি নসিমন জব্দ করেছে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে প্রশাসন ও পুলিশ সারগুলো জব্দ করে। উদ্ধার হওয়া সারের আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালনা-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার ভিট বটতলা নামক স্থানে নসিমনটি আটক করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সন্দেহ হলে তারা সারবাহী নসিমনটি আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা এবং লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে যান। পরে ৪০ বস্তা সারসহ নসিমনটি জব্দ করা হয়। জব্দ করা সার পরবর্তীতে ন্যায্য মূল্যে স্থানীয়দের মধ্যে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, লাহুড়িয়া বাজারের সারের সাব-ডিলার মো. আলিমের দোকানে নেওয়ার জন্য এসব সার পরিবহন করা হচ্ছিল। সারগুলো নড়াইল সদর উপজেলার ফেদি বাজারের বিভিন্ন দোকান থেকে কেনা হয়েছিল বলে জানা গেছে।

অভিযুক্ত সাব-ডিলার আলিম শেখ লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত সিদ্দিক শেখ।

অভিযোগের বিষয়ে আলিম শেখ বলেন, এলাকায় সারের সংকট থাকায় এবং তার দোকানে সার না থাকায় ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে ৪০ বস্তা সার কিনে নসিমনে করে নিয়ে আসছিলেন। পথেই স্থানীয়দের হাতে নসিমনটি আটক হয়।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সারসহ নসিমন আটক করা হয়েছে। সার পাচারের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত সারের সাব-ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।