...|...|...

সোশ্যাল মিডিয়া

শেখ হাসিনা দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে: আসিফ নজরুল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪০
Shares
শেখ হাসিনা দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে: আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের বিষয় নিয়ে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত স্ট্যাটাস দেন তিনি।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। 

তিনি বলেন, প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এজন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

তিনি আরও বলেন, পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। কাজেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে-এই অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে।

স্ট্যাটাসের শেষে আসিফ বলেন, শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।