চট্টগ্রামের মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় নেওয়ার পথে একটি কাভার্ড ভ্যান থেকে ৪০ লাখ টাকা মূল্যের ১০০ রোল চায়না কাপড় উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মো. নোমান (৩০) নামে ওই কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে চায়না কাপড়ের একটি বড় চালান ঢাকায় নেওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ভ্যানটিতে থাকা ১০০টি প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন রঙের ১০০ রোল চায়না কাপড় উদ্ধার করা হয়। প্রতিটি রোলের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা হিসেবে উদ্ধারকৃত কাপড়ের মোট বাজারমূল্য ৪০ লাখ টাকা। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে চালককে আটক এবং কাপড়সহ কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে কাপড় ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।


