চট্টগ্রামের হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের (২৫) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) শুনানি শেষে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচদিন মঞ্জুর করেন।
এর আগে গত ২ আগস্ট একই মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত। পুলিশের তথ্যমতে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে।
উল্লেখ্য, ২৯ জুলাই যশোরের কোতোয়ালী এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৩টি মামলা রয়েছে।


