...|...|...

আইন ও আদালত

ধ্বংসাত্মক অপরাধে জড়িত সন্দেহে ভারতীয় নাগরিকের ৪ দিনের রিমান্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৩
Shares
ধ্বংসাত্মক অপরাধে জড়িত সন্দেহে ভারতীয় নাগরিকের ৪ দিনের রিমান্ড

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রবিউল ইসলামকে আদালতে হাজির করা হয়। পরে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে হাজিরের আগে সাংবাদিকদের উদ্দেশে রবিউল ইসলাম বলেন, তিনি অনেকবার বাংলাদেশে এসেছেন এবং দেশে তার আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব রয়েছেন। তিনি ব্যবসার সাথে জড়িত বলেও দাবি করেন। তার বিরুদ্ধে ‘র’এর এজেন্ট হিসেবে কাজ করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত নন বলে দাবি করেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। তিনি একজন ভারতীয় নাগরিক এবং গত ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন।

পুলিশ জানায়, তার গতিবিধি সন্দেহজনক। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি ভারতীয় পাসপোর্ট দেখান। তবে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র যাচাই করে জন্মতারিখে অসঙ্গতি পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, রবিউল ইসলাম এর আগে অনেকবার বাংলাদেশে এলেও দেশে আসা-যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তিনি একেক সময় একেক ধরনের তথ্য দিয়েছেন বলেও পুলিশের অভিযোগ।

রিমান্ড আবেদনে পুলিশ দাবি করেছে, রবিউল ইসলাম বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক অপরাধের সাথে জড়িত থাকতে পারেন। সম্প্রতি ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ডের সাথেও তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

বিষয়টি তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।