নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে সকাল পর্যন্ত অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস। পরে সকাল ছয়টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে ফের অভিযান চালালে দুপুর ১২টা পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয় তারা।
উদ্ধারকৃতরা হলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৪০), শিবপুর থানার দুলালপুর গ্রামের মোসা. শান্তা আক্তার (১৮), শিবপুর থানার দুলালপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।
দুপুরে টাইমস টুডে'কে ৩ জন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের ভৈরব নদী ফায়ার স্টেশনের লিডার মো. আব্দুল কাশেম।
তিনি বলেন, গতকাল বিকেলে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালাই। পরে রাত হয়ে যাওয়ায় আমরা উদ্ধারকাজ সমাপ্ত করে দিই। পরে আজ ভোরে আমরা ফের উদ্ধার কাজে নেমে পরি। এসময় শিবপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের সহায়তা করে। পরে দুপুর ১২টা পর্যন্ত আমরা ৩ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হই। বাকী আরেকজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
এর আগে শিবপুর উপজেলার লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ। পরে বিকেলে বাড়ির সদস্যদের সাথে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোত ও সাঁতার না জানায় তারা ৪জন গভীর পানিতে তলিয়ে যান। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যায়। বিষয়টি সাথের লোকেরা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় অভিযান সকাল পর্যন্ত স্থগিত করেন।

