...|...|...

সারাদেশ

শিয়াল-কুকুরের খাবারের হোটেলে বদলে গেছে গ্রামের চিত্র

মেহেদী হাসান, খুলনা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫০
Shares
শিয়াল-কুকুরের খাবারের হোটেলে বদলে গেছে গ্রামের চিত্র

ছবি: টাইমস টুডে

খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামে শিয়াল ও কুকুরের জন্য গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী এক খাবারের হোটেল। প্রতিদিন দুই বেলা নির্দিষ্ট স্থানে খাবার পায় প্রাণীগুলো। আর এই উদ্যোগে বদলে গেছে গ্রামের চিত্র। একসময় শিয়াল-কুকুরের ভয়ে শিশুরা একা বাড়ির বাইরে বের হতে পারত না, খেলাধুলায় বাধা ছিল, এমনকি হাঁস-মুরগি পালনও কঠিন হয়ে পড়েছিল। নিয়মিত খাবারের ব্যবস্থা হওয়ার পর কমেছে প্রাণীগুলোর উৎপাত, স্বস্তি ফিরেছে গ্রামবাসীর জীবনে।

স্থানীয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া জানায়, আগে শিয়ালের ভয়ে একা বাড়ির বাইরে বের হতে পারত না সে। বন্ধুদের সাথে খেলাধুলাও করতে পারত না। রাতে ঘুমাতেও ভয় লাগত। তবে শিয়াল-কুকুরের জন্য খাবারের হোটেল চালু হওয়ার পর পরিস্থিতি বদলেছে। এখন প্রাণীগুলো প্রতিদিন দুই বেলা সেখানে খাবার খায়। ফলে তাদের নিয়ে আর আগের মতো ভয় বা সমস্যায় পড়তে হয় না।

স্থানীয় বাসিন্দা মশিউর রহমান বলেন, একসময় শিয়াল ও কুকুরের উৎপাত এতটাই বেড়ে গিয়েছিল যে, সেগুলো মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন এলাকাবাসী। ছোট শিশুরা বাইরে খেলতে পারত না, প্রাণীগুলো অনেক সময় তাদের কামড়াতে তেড়ে আসত। হাঁস-মুরগি, গরু-ছাগলও রক্ষা পেত না। তবে খাবারের হোটেল চালুর পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এখন শিয়াল-কুকুরের উৎপাত নেই বললেই চলে।

স্থানীয় গৃহবধূ নাসিমা বলেন, বাগানের মধ্যে বাড়ি হওয়ায় শিয়ালের উৎপাত ছিল বেশি। আগে শিয়ালের ভয়ে বাড়িতে হাঁস-মুরগি পালন করা সম্ভব হতো না। প্রাণীগুলো প্রায়ই বাড়িতে ঢুকে হাঁস-মুরগি ধরে নিয়ে যেত। কিন্তু খাবারের হোটেল চালু হওয়ার পর থেকে শিয়াল আর বাড়িতে আসে না। এখন নিশ্চিন্তে হাঁস-মুরগি পালন করতে পারছেন তারা।

হোটেলটিতে নিয়মিত খাবার পরিবেশনের দায়িত্ব পালন করছেন লিপি বেগম। তিনি বলেন, গত এক বছর সাত মাস ধরে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিয়মিত শিয়াল-কুকুরকে খাবার দিয়ে আসছেন। ভাত, মাংসসহ বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। শিয়াল ও কুকুর একই জায়গায় পাশাপাশি বসে খাবার খায়। এখন প্রাণীগুলো আর মানুষকে দেখে ভয় পায় না, একইভাবে মানুষও তাদের দেখে আতঙ্কিত হয় না। খাবার খেয়ে শিয়ালগুলো চলে যায়, আর কুকুরগুলো আশপাশেই ঘোরাফেরা করে ও বিশ্রাম নেয়। বর্তমানে এলাকায় হাঁস-মুরগি পালনে আর কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।

এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্যোক্তা সাবেক পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, করোনা মহামারির সময় তিনি লক্ষ করেন, খাবারের অভাবে রাস্তাঘাটের কুকুরগুলো ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছে। বিষয়টি উপলব্ধি করে এলাকার বিভিন্ন স্থানে কুকুরের জন্য খাবারের হোটেল চালু করেন। কিন্তু দুর্বৃত্তরা সেগুলো ভেঙে দেয়। এরপর ২০২৬ সালে নিজের বাড়ির পুকুরপাড়ে শিয়াল ও কুকুরের জন্য নতুন করে খাবারের হোটেল চালু করেন তিনি। সেই থেকে নিয়মিত চলছে এই আয়োজন। এখন একই স্থানে শিয়াল ও কুকুর পাশাপাশি খাবার খায়। মানুষেরও এ উদ্যোগ থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

স্থানীয়দের আতঙ্কের কারণ হয়ে ওঠা প্রাণীগুলোকে হত্যা বা তাড়িয়ে দেওয়ার পরিবর্তে খাবারের ব্যবস্থা করে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়েছে আন্দুলিয়া গ্রামে। প্রাণীর প্রতি সহমর্মিতা মানুষ ও প্রকৃতির মধ্যে সহাবস্থানের পথ তৈরি করতে পারে, শিয়াল-কুকুরের এই ব্যতিক্রমী খাবারের হোটেল যেন তারই উদাহরণ হয়ে উঠেছে।