...|...|...

জাতীয়

শিশুদের সম্ভাবনা বিকাশে রাষ্ট্র-সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন: জুবাইদা রহমান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৭
Shares
শিশুদের সম্ভাবনা বিকাশে রাষ্ট্র-সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন: জুবাইদা রহমান

শিশুদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি শিশুর জীবন অগণিত আকাশচুম্বী সম্ভাবনায় ভরপুর। তাদের জন্য সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের নিশ্চয়তা এবং সবুজ খোলামাঠে প্রকৃতির মাঝে খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, কন্যাশিশুদের উচ্চতর স্তরে লেখাপড়া অবৈতনিক করার পাশাপাশি সাংস্কৃতিক ও খেলাধুলাবিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ করে দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন ও ৯ হাজার ৯০৯টি গ্রামের কোনো শিশু-কিশোর যেন অবহেলায় ঝরে না পড়ে, সেই সুযোগ সৃষ্টি করা সবার দায়িত্ব। প্রত্যেক শিশু যেমন তার অভিভাবক ও পরিবারের কাছে প্রিয়, তেমনি সমাজ ও রাষ্ট্রের কাছেও তারা মূল্যবান সদস্য।

জুবাইদা রহমান বলেন, শিশুদের আকাশচুম্বী স্বপ্ন ও মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। অভিভাবকদের পাশাপাশি সমাজের সবাই তাদের পাশে রয়েছে।

স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশংসা করে তিনি বলেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা প্রমাণ করেছে তারা কত সুন্দরভাবে পরিবেশন করতে পারে। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা আরও ভালো কিছু করতে সক্ষম হবে। একই সঙ্গে সবাই মিলে একসঙ্গে সার্থক কিছু করার যে শিক্ষা তারা পেয়েছে, তা খেলাধুলার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এ ধরনের শিক্ষা শিশুদের ভবিষ্যতে গড়ে ওঠার ক্ষেত্রে মনোবল ও শক্তি জোগাবে। তিনি আশা প্রকাশ করেন, শিশুরা নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে বাংলাদেশের মুখ আলোকিত করবে।

এ সময় বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন তিনি। নারীদের ক্ষমতায়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীরা দৃষ্টিনন্দন কারুশিল্প তৈরি করছেন। দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীর অগ্রযাত্রায় এটি একটি অভিনব প্রচেষ্টা।

এর আগে ডা. জুবাইদা রহমান রাজধানীর ব্লু স্কাই স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।