...|...|...

খেলা

শিরোপা জিতে উৎসবের মাঝে জ্ঞান হারালেন পারেদেস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৬
Shares
শিরোপা জিতে উৎসবের মাঝে জ্ঞান হারালেন পারেদেস

লিয়ান্দ্রো পারেদেস। ছবি: সংগৃহীত

কোপা সুদামেরিকানায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। ব্রাজিলের ক্লাব আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় লিয়ান্দ্রো পারেদেসের দল। তবে শিরোপা জয়ের উচ্ছ্বাসের মধ্যেই গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হঠাৎ জ্ঞান হারান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। 

ফাইনালের পর ‘ডি-স্পোর্টস’-কে সাক্ষাৎকার দেওয়ার সময় একপর্যায়ে জ্ঞান হারিয়ে টানেলের ভেতরে লুটিয়ে পড়েন পারেদেস। দ্রুত তাকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, ম্যাচের ভেন্যু কলম্বিয়ার বারানকুইলা শহরের তীব্র গরমের কারণেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

কিছুক্ষণ পর অবশ্য পারেদেস কোনোমতে উঠে দাঁড়ান এবং নিজেই বোকা জুনিয়র্সের ড্রেসিংরুমের দিকে যান। পরে শারীরিক অবস্থা বিস্তারিত পরীক্ষা করতে অ্যাম্বুলেন্সে করে তাকে কাছের একটি ক্লিনিকে নেওয়া হয়। পারেদেসের হঠাৎ অসুস্থতার কারণে বোকা জুনিয়র্স দলের আর্জেন্টিনায় ফেরার যাত্রায়ও বিলম্ব ঘটে; কারণ পুরো দলের নজর তখন তার দিকেই ছিল।

কয়েক ঘণ্টা পর ৩২ বছর বয়সী এই তারকা ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের উদ্দেশে নিজের শারীরিক অবস্থার আপডেট দেন। স্ট্রেচারে শুয়ে থাকা নিজের একটি ছবি পোস্ট করে পারেদেস লেখেন, ‘আমরা ভালো আছি, এগিয়ে চলো বোকা! আজ এবং সবসময়।’

এর আগে ম্যাচ চলাকালেও প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠে বদলি হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পারেদেস। তার এই সততা ও দলীয় মানসিকতার প্রশংসা করেছেন বোকা জুনিয়র্স কোচ রোদোলফো আরুয়াবেরেনা।

কোচ বলেন, ‘প্রথমার্ধের শেষ দিকে ওর পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়েছিল এবং ও ক্লান্ত বোধ করছিল। বিরতির পর কিছুটা ভালো অনুভব করলেও দশ মিনিটের মাথায় বোঝা যাচ্ছিল, বল উইংয়ে নিয়ে যেতে ও হিমশিম খাচ্ছে। ও খুবই সৎ, তাই নিজেই মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ করে।’