...|...|...

চট্টগ্রাম

শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, বিকেল ৪:০৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০০
Shares
শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং পরিবেশের প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক-সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মিয়া মনজুর আমীন স্বপন।

এ সময় বিদ্যালয়ের সাবেক সফল শিক্ষার্থী ও দেওয়ান আইসিটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ জুলহাস, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম প্রধান শর্ত হলো শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, মানসম্মত পাঠদান এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বিত দায়িত্ববোধ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে পরিবার ও বিদ্যালয়কে একসাথে কাজ করতে হবে।

প্রধান অতিথি মাহমুদা কুলসুম মনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার পাশাপাশি তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি মোঃ সাইফুল ইসলাম শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি পাঠদানে নিয়মিততা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মোঃ জুলহাস বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়ন শুধু শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়। প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিদ্যালয়কে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, অভিভাবকদের সম্পৃক্ততা এবং বিদ্যালয়কে আরও সুন্দর ও আধুনিক শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।