...|...|...

জাতীয়

নবম পে-স্কেল

প্রাথমিকের শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪০
Shares
প্রাথমিকের শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর

ফাইল ছবি

নতুন জাতীয় বেতন কাঠামো কার্যকর হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। নতুন কাঠামোয় প্রধান শিক্ষক পদে চাকরির শুরুতে মূল বেতন নির্ধারণ করা হচ্ছে ৩২ হাজার টাকা। আর সহকারী শিক্ষক পদে মূল বেতন শুরু হবে ২৪ হাজার টাকা থেকে।

সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। পুরনো বেতন কাঠামোয় এই গ্রেডের শুরুতে মূল বেতন ছিল ১৬ হাজার টাকা। নতুন কাঠামোয় প্রথম ধাপে ৫০ শতাংশ বাড়িয়ে তা ২৪ হাজার টাকা করা হবে।

এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও ৪ হাজার টাকা করে যোগ হবে। ফলে প্রধান শিক্ষকদের মূল বেতন দাঁড়াবে ৩২ হাজার টাকা। ইনক্রিমেন্টসহ এই গ্রেডে সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৭৭ হাজার ৩০০ টাকা।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০২৮ সালের জানুয়ারি থেকে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা নতুন হারে কার্যকর হলে একজন নতুন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমানে ১৩তম গ্রেডে নিয়োগ পান। পুরনো কাঠামোয় এ গ্রেডের মূল বেতন শুরু হতো ১১ হাজার টাকা থেকে।

নতুন কাঠামোয় সহকারী শিক্ষকদের বেতন শুরু হবে ২৪ হাজার টাকা থেকে। ইনক্রিমেন্ট যোগ হয়ে এ গ্রেডে সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৫৮ হাজার টাকা।

২০২৮ সাল থেকে নতুন একজন সহকারী শিক্ষকের বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা মিলিয়ে মোট বেতন-ভাতা প্রায় ৪০ হাজার টাকা হতে পারে।

বর্তমানে কর্মরত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামোয় বেতন কত হবে, তা সবার জন্য এক হবে না। তাদের বেতন নির্ধারণে চাকরির মেয়াদ, বর্তমান মূল বেতন এবং ইনক্রিমেন্টের বিষয়গুলো বিবেচনায় আসবে।

তবে নতুন কাঠামো অনুযায়ী কর্মরত শিক্ষকদের বেতন ঠিক কত দাঁড়াবে, তার চূড়ান্ত হিসাব এখনো জানা যায়নি। সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত হিসাব স্পষ্ট হবে।