দীর্ঘ ২৭ বছরের অভিনয়জীবনে দেশ-বিদেশের ৭০ জনের বেশি অভিনেত্রীর সাথে জুটি বেঁধেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী। শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তার নায়িকা হিসেবে কিনজার নাম চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে সিনেমার পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
গত অক্টোবরের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। শুরুতে পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নামও সামনে আসে। সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম।
তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাদের কাউকে নয়, শেষ পর্যন্ত কিনজা হাশমীকেই শাকিবের বিপরীতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে অভিনেত্রীর সাথে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
নায়িকা চূড়ান্ত হলেও এখনই তার পরিচয় প্রকাশ করতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। জমকালো আয়োজনের মাধ্যমে নতুন নায়িকাকে দর্শকদের সামনে হাজির করার পরিকল্পনা রয়েছে তাদের। এ কারণেই ‘মহব্বত’-এর প্রথম পোস্টারে শাকিবের সাথে এক নারীর হাত দেখানো হলেও তার মুখ আড়ালে রাখা হয়েছে। পোস্টারে ওই নারীকে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা অবস্থায় দেখা যায়।
পাকিস্তানের টেলিভিশন নাটকে পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিনি। টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে দর্শকদের পরিচিতি পান। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে বিশেষভাবে আলোচনায় আসেন তিনি।
এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের বাইরে মডেলিংয়েও রয়েছে তার পরিচিতি। এবার ‘মহব্বত’-এর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে যুক্ত হলে এটি হবে তার ক্যারিয়ারের নতুন অভিজ্ঞতা।
শাকিব খানের বিপরীতে বিদেশি অভিনেত্রীর অভিনয় অবশ্য এবারই প্রথম নয়। এর আগে কলকাতার শ্রাবন্তী, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকা, সায়ন্তিকা, ইধিকা পাল, দর্শনা বণিক ও মিমি চক্রবর্তীর সাথে পর্দা ভাগ করেছেন তিনি। এ ছাড়া বলিউড অভিনেত্রী সৌনাল চৌহানসহ বিভিন্ন দেশের অভিনয়শিল্পীর সাথেও কাজ করেছেন শাকিব।
শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফের আগের দুটি সিনেমাতেও বিদেশি অভিনেত্রী ছিলেন নায়িকা। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। ছবিটি মুক্তির পর বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। একই জুটির ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। এবার ‘মহব্বত’-এ পাকিস্তানের কিনজা হাশমীকে যুক্ত করার মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখতে যাচ্ছেন নির্মাতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।


